কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাজারে ওপেনএআইয়ের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে দুর্দান্ত সূচনা করেছে মেটার নতুন এআই অ্যাপ ‘মিউজ’।
চালুর প্রথম ১২ দিনেই ডাউনলোড ও দৈনিক সক্রিয় ব্যবহারকারীর পরিসংখ্যানে চ্যাটজিপিটির শুরুর রেকর্ডকে পেছনে ফেলেছে অ্যাপটি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘অ্যাপটোপিয়া’-র তথ্য বিশ্লেষণ করে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানায়, চালুর প্রথম ১২ দিনে যুক্তরাষ্ট্র ও কানাডার আইওএস প্ল্যাটফর্মে মিউজ ডাউনলোড হয়েছে ১৮ লাখ বার। এর বিপরীতে নিজস্ব অভিষেকের প্রথম ১২ দিনে চ্যাটজিপিটির মোট ডাউনলোড ছিল ১৩ লাখ। আইওএস ও অ্যান্ড্রয়েড মিলিয়ে বিশ্বজুড়ে মিউজের মোট ইনস্টল ইতিমধ্যে ২৮ লাখ ছাড়িয়ে গেছে। চালুর পরপরই যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে শীর্ষ অবস্থানে জায়গা করে নেয় মেটার এই অ্যাপ।
দৈনিক ব্যবহারকারীর বিচারেও মিউজ বেশ এগিয়ে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৬ লাখ ৪২ হাজার মানুষ মিউজ ব্যবহার করছেন, যেখানে একই সময়ে চ্যাটজিপিটির দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল মাত্র ২ লাখ ৩১ হাজার। শুধু আইওএস ব্যবহারকারীদের হিসাব কষলেও মিউজের দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার।
বিশেষজ্ঞদের মতে, মিউজের এই দ্রুত জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রাখছে মেটার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিশাল নেটওয়ার্ক। অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, মিউজ ব্যবহারকারীদের ৯৫ শতাংশের বেশি ফেসবুক এবং ৬৩ শতাংশ ইনস্টাগ্রাম ব্যবহার করেন। মেটার ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সঙ্গে মিউজ যুক্ত থাকায় এটি সহজে কোটি কোটি ব্যবহারকারীর কাছে পৌঁছানোর বাড়তি সুবিধা পাচ্ছে।
যদিও অ্যাপটোপিয়ার এই পরিসংখ্যানগুলো মেটার অভ্যন্তরীণ তথ্য নয় বরং তৃতীয় পক্ষের তৈরি অনুমান, তবু প্রযুক্তি বিশ্বে চ্যাটজিপিটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মিউজের এই দ্রুত উত্থান বেশ সাড়া ফেলেছে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি