ভরপেট খাবারের পর মিষ্টি দই খাওয়ার চল বাঙালি সংস্কৃতিতে বেশ পুরোনো। বিয়ে, ঈদ কিংবা পারিবারিক আয়োজনে বিরিয়ানি, পোলাও ও মাংসের মতো ভারী খাবারের পর অনেকেই মিষ্টি দই দিয়ে খাবার শেষ করেন।
ধারণা রয়েছে, এতে খাবার সহজে হজম হয়। তবে পুষ্টিবিদদের মতে, ভারী খাবারের পর মিষ্টি দইয়ের বদলে টক দই বেছে নেওয়াই ভালো।
ডায়েটিশিয়ানদের মতে, আমাদের মাঝে একটা ধারণা আছে যে, খাবারের পর দই খেলে খাবার হজম হয়ে যাবে। আর এ ক্ষেত্রে বেশিরভাগ মানুষ মিষ্টি দই খেয়ে থাকেন।
বিশেষ করে বিয়েবাড়ির মতো আয়োজনে এমনটাই হয়। তবে ভারী খাবারের পর মিষ্টি দই খাওয়া একেবারেই ঠিক না। আমাদের খেতে হবে টক দই।
দই তৈরিতে ল্যাকটোব্যাসিলাস ও স্ট্রেপটোকক্কাস থার্মোফিলাসের মতো উপকারী ব্যাকটেরিয়া ভূমিকা রাখে।
ডায়েটিশিয়ানের ব্যাখ্যা অনুযায়ী, টক দইয়ে ল্যাকটোব্যাসিলাস সক্রিয় অবস্থায় থাকে, যা অন্ত্রের স্বাভাবিক জীবাণুর ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে। অন্যদিকে মিষ্টি দই তৈরির প্রক্রিয়ায় এই ব্যাকটেরিয়ার কার্যকারিতা কমে যেতে পারে।
এ ছাড়া মিষ্টি দইয়ে বাড়তি চিনি ও ফ্যাট থাকতে পারে। অতিরিক্ত চিনি নিয়মিত খেলে ওজন বৃদ্ধি ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে সমস্যা হওয়ার ঝুঁকি বাড়তে পারে। তাই ভারী খাবারের পর দই খাওয়ার অভ্যাস থাকলে অতিরিক্ত চিনি ছাড়া বা কম চিনি দেওয়া টক দই বেছে নেওয়া তুলনামূলকভাবে ভালো বিকল্প হতে পারে।
সময়ের আলো/এমকে