সালমান মুক্তাদিরের সাহস ও সংযমের প্রশংসা করেছেন সাংবাদিক শহিদুল আলম। দেশে থাকলে সাহসের জন্য কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরকে জড়িয়ে ধরতেন বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক পোস্টে এ কথা জানান শহিদুল আলম।
এর আগে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠলেও পুলিশ জানিয়েছে, জায়গা দখলকে কেন্দ্র করে একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘটনার পর নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ভিডিও বার্তা দেন সালমান মুক্তাদির। সেখানে তিনি স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। এমন পরিস্থিতি নতুন কিছু করার স্বপ্ন দেখা মানুষের জন্য হতাশাজনক বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নিজের কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সালমানের ওই ভিডিও বার্তার পর প্রতিক্রিয়া জানান শহিদুল আলম। তিনি বলেন, বাংলাদেশে থাকলে সরাসরি সালমানের স্টুডিওতে গিয়ে তার সাহস ও সংযমের জন্য তাকে জড়িয়ে ধরতেন।
শহিদুল আলম আরও বলেন, শুধু সালমানের সাহসিকতার প্রশংসা করলেই বিষয়টি শেষ হওয়া উচিত নয়। যারা চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
ঘটনাটি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া এসেছে। জাতীয় নাগরিক পার্টির নেতারাও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন।
সময়ের আলো/টিকে