সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।
পুলিশ জানায়, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে এলাকার অন্য জমির মালিকদের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির সেখানে স্টুডিওটি গড়ে তুলেছিলেন।
শনিবার রাতে দুই ট্রাকে করে লোকজন এসে স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন সালমান। রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি বলেন, ‘একটু আগে এখানে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে।’
পরে সালমান অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য সম্ভবত ভবনের মালিক এবং তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে।
তবে পুলিশ বলছে, নিউ গিনি প্রপার্টিজ জমিতে একটি গেট নির্মাণ করে অন্যদের চলাচলে বাধা দেওয়ায় বিরোধ তৈরি হয়। চলাচলে সমস্যার কারণে ক্ষুব্ধ প্রতিপক্ষের লোকজন হামলা চালায়।
ওসি গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা ইতোমধ্যে মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
সময়ের আলো/এমকে