মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর, আরও ৬ জন কারাগারে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর মিরপুরের ১ নম্বর সেকশনে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের মামলায় আরও ৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন

2026-09-27T19:00:54+00:00
2026-09-27T19:04:02+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর, আরও ৬ জন কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০০ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৬ ৭:০৪ পিএম
ভাঙচুর করা স্বাস্থ্যসেবা কেন্দ্র। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরের ১ নম্বর সেকশনে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের মামলায় আরও ৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে এ আদেশ দেন। এদিন শাহ আলী থানার এসআই মো. আতোয়ার রহমান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী মুহাম্মদ এমরান শুনানি করেন।

কারাগারে যাওয়া ৬ জন হলেন- শাহাদাত হোসেন, কাজী মকবুল হোসেন, শাহ আলম, আতিকুর রহমান, কামরুল ইসলাম ও শাকিল। 
এর আগে, ২৬ সেপ্টেম্বর একই মামলায় চারজনকে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে মামলাটিতে গ্রেফতার হয়ে কারাগারে গেলেন ১০ জন।

মামলার অভিযগ থেকে জানা যায়, ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের পুরো স্থাপনায় ভাঙচুর চালানো হয়। এ সময় একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলা হয়।


অভিযোগে বলা হয়েছে, একদল লোক হাতুড়ি, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দেয়াল টপকে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। তারা নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার ও মো. আব্দুল হাইকে মারধর করে বেঁধে রাখেন। পরে এক্সকেভেটর দিয়ে একাধিক ভবন ও কক্ষ ভাঙচুর করা হয়।

রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ, ভাঙচুরের সময় অফিসের আসবাব ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি বিপুল পরিমাণ টিকাদান সামগ্রী লুট করা হয়। আল্ট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের দরজা-জানালাও ভাঙচুর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বিভিন্ন ওষুধ ও চিকিৎসাসামগ্রী, আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি ও স্টিলের আলমারি নিয়ে যায়। পরে নৈশপ্রহরীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে সেখানে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’-এর ব্যানার ও সাইনবোর্ড লাগানো হয়।

মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ভাষ্য, সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে তারা দরিদ্র ও অসহায় মা ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।

এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। এতে স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   স্বাস্থ্যসেবা কেন্দ্র  ভাঙচুর  কারাগার  মিরপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: