বিশ্ব নদী দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদী দখল ও দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ দাবিতে রোববার সকাল ১০টায় নদীর তীরে এ কর্মসূচি পালন করা হয়।
পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন ধরার আঞ্চলিক সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, গণমাধ্যমকর্মী রফিকুল ইসলাম মিরাজ, তানজিল জামান জয়, নাজমুস সাকিব ও পরিবেশ সংগঠক নজরুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, উপকূলীয় এ অঞ্চলে নদী ঘেঁষে নির্মাণ করা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ বন্ধ করতে হবে। পাশাপাশি আন্ধারমানিক নদীর দুই তীরে থাকা ইটভাটা অপসারণের দাবি জানান তারা।
এ সময় নদীর পরিচিতি তুলে ধরে দৃশ্যমান স্থানে সাইনবোর্ড স্থাপনেরও দাবি জানানো হয়। একই সঙ্গে আন্ধারমানিক নদী দখলকারীদের নাম প্রকাশ এবং নদীটিকে ইলিশের অভয়াশ্রম হিসেবে রক্ষার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, যেকোনো মূল্যে আন্ধারমানিক নদীর নাব্যতা বজায় রাখতে হবে। নদীকে নদীর মতো রাখতে এবং পানির প্রবাহ সচল রাখতে মানবসৃষ্ট সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা জরুরি। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের কার্যকর উদ্যোগও দাবি করেন তারা।
সময়ের আলো/এনএন