কিশোর গ্যাং, মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোর-তরুণদের দূরে রাখতে চাঁদপুর ও লক্ষ্মীপুরে বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত দুই জেলার বিভিন্ন সড়ক, বাজার ও আড্ডাস্থলে চালানো এ অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৬০২ জনকে আটক করা হয়েছে।
এর মধ্যে চাঁদপুরে ৩৫৮ জন এবং লক্ষ্মীপুরে ২৪৪ জনকে আটক করা হয়। চাঁদপুরের আট উপজেলায় আটক করা হয়েছে—চাঁদপুর সদরে ৩৫, মতলব উত্তরে ৫৩, মতলব দক্ষিণে ৩৭, ফরিদগঞ্জে ৪১, শাহরাস্তিতে ৪৫, কচুয়ায় ৬২, হাজীগঞ্জে ৩৭ এবং হাইমচরে ৪৮ জন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। এ সময় কয়েকজনের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মোবাইল ফোনে অনলাইন গেমের মাধ্যমে জুয়া খেলার সময় কয়েকজন কিশোরকেও আটক করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, জেলার সব থানায় একযোগে অভিযান চালানো হয়েছে। অভিযানের অংশ হিসেবে দুটি মোবাইল কোর্টও পরিচালনা করা হয়। যাদের কাছে মাদক পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। আর অন্য কিশোরদের পরিবারের জিম্মায় দেওয়া হচ্ছে।
তিনি বলেন, কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লক্ষ্মীপুরের রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। কিশোর গ্যাং বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধবের বিষয়ে নজর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
সময়ের আলো/এসএকে