কুমিল্লার বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মহানগর ছাত্রদলের নেতাসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, সিপিসি-২।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর কোতোয়ালি মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
আটক দুজন হলেন—কুমিল্লা মহানগর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব মো. মনজুরুল ইসলাম (৩০) এবং তার সহযোগী মো. ছামির ইসলাম (২০)। ছামির ইসলাম কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে। মনজুরুল ইসলাম একই থানার গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এসআরবি-১১-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় দুজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এসআরবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন কুমিল্লার বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মনজুরুল ইসলামের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, এই কমিটিগুলো পূর্ববর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না।
এসআরবি কুমিল্লার উপপরিচালক সালমান ইবনে আলম বলেন, আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে।
সময়ের আলো/এনএন