মানিকগঞ্জের সিংগাইরে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে গ্রীন এনার্জি নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ধল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, টায়ার পুড়িয়ে পরিবেশের ক্ষতি করার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির। তাকে সহযোগিতা করেন সিংগাইর থানার পুলিশের সদস্যরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রীন এনার্জিতে টায়ার পোড়ানোর ফলে সৃষ্ট কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি বসবাসও কঠিন হয়ে পড়েছে।
তারা দ্রুত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ও স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয়দের আরও অভিযোগ, এর আগে প্রশাসনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছিল। এরপরও কীভাবে কার্যক্রম চলেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
সময়ের আলো/আতা