ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাতে ছয় ঘণ্টার গোপন সফরে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে ইরানই ছিল প্রধান আলোচ্য বিষয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।
রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত উড়োজাহাজে আবুধাবি যান নেতানিয়াহু। সেখানে এমবিজের সঙ্গে বৈঠকের পর তিনি একই দিন ইসরায়েলে ফিরে যান। সফরের আগে কয়েক সপ্তাহে দুই নেতার মধ্যে একাধিকবার ফোনে যোগাযোগ হয়েছিল।
সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলের আসন্ন নির্বাচনের আগে এমবিজের সঙ্গে বৈঠকের জন্য নেতানিয়াহুর পক্ষ থেকে আমিরাতের ওপর ব্যাপক চাপ দেওয়া হয়েছিল। ফোনালাপের পাশাপাশি নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ও আন্তর্জাতিক কর্মকর্তাদের মাধ্যমেও যোগাযোগ করা হয়। এমনকি ভবিষ্যৎ নিরাপত্তা সহযোগিতার বিষয়েও ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে সূত্রের দাবি।
বৈঠকে ইরানের পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার আগে হামাসের সম্ভাব্য বড় হামলা সম্পর্কে এমবিজে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন বলে সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়টিও উঠেছে। নেতানিয়াহু এমবিজেকে ওই প্রতিবেদন অস্বীকার করার অনুরোধ করেছিলেন বলে জানা গেছে।
এর আগে নেতানিয়াহুর একটি গোপন আমিরাত সফরের প্রস্তুতি সম্পন্ন হলেও উড্ডয়নের কিছুক্ষণ আগে তা বাতিল হয়। তখন আমিরাতের পক্ষ থেকে বলা হয়েছিল, এমবিজে দেশে নেই। তবে পরবর্তী অনুসন্ধানে তিনি আবুধাবিতেই ছিলেন বলে সূত্রের দাবি।
আমিরাতের পক্ষ থেকে পরে সফরটি নিশ্চিত করা হলেও বৈঠকের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
সময়ের আলো/এমকে