গাজীপুরের টঙ্গীতে জয় (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে রাতের ওই সময়ে বাসায় ফিরছিলেন জয়। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর পাঠায়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নূর আলম হোসেন।
সময়ের আলো/আতা