চার দিনে তিন দফা কমেছে দেশের বাজারে স্বর্ণের দাম। সর্বশেষ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার কারণে দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দামে ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা হয়েছে। ১৮ ক্যারেটের দাম কমেছে ১ হাজার ৮০৮ টাকা, নতুন দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
এর আগে ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা এবং ২৮ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। সর্বশেষ কমানোর পর তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৬ হাজার ৬৫ টাকা কমেছে।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমে ৪ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সময়ের আলো/এমকে