শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়াতে আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত জামিন বর্ধিতের আদেশ দেন বলে জানিয়েছেন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক।
জানা গেছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটির প্রশাসক আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগের সত্যতা পেয়ে ডিবি পুলিশ তিশার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদন আমলে নিয়ে তিশাকে আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়।
এরপর গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তিশা আত্মসমর্পণ করে জামিন নেন। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে পাঠানো হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ওই আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ছিল। নিয়ম অনুযায়ী এদিন আদালতে তিশার আত্মসমর্পণ করে জামিন নেওয়ার দিনও ধার্য ছিল।
এদিন বেলা ১১টা ৪০ মিনিটে তিশা আদালতে পৌঁছান এবং এর পাঁচ মিনিট পর শুনানি শুরু হয়। আদালতে এসে তিনি আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন করেন। এ সময় তিশা বেঞ্চে বসে থাকলেও বাদীপক্ষ থেকে তাকে কাঠগড়ায় দাঁড়ানোর অনুরোধ জানানো হয়। পরবর্তীতে তিনি কাঠগড়ায় গিয়ে দাঁড়ান।
শুনানিকালে তিশার পক্ষে সিনিয়র আইনজীবী খোরশেদ আলম জামিন বর্ধিতের আবেদন করে বলেন, আসামি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আমরা তার জামিন বর্ধিতের আবেদন করছি।
বাদীপক্ষকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তাকে অপমান করার জন্যই ডকে (কাঠগড়ায়) উঠতে বলা হচ্ছে।
তখন বিচারক বলেন, আসামি তো, এ বিষয়ে কথা না বলি।
এ সময় বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসান মুকুল বলেন, এই আসামি জামিন নেওয়ার পর তার অপব্যবহার করেছে। ভেরিফাইড পেজ থেকে আইনজীবী সম্পর্কে আজেবাজে মন্তব্য করেছেন।
তখন বিচারক তাকে বলেন, অভিযোগ থাকলে পিটিশন আকারে দিন।
জহিরুল হাসান মুকুল তখন বলেন, চার্জের (অভিযোগ গঠনের) জন্য আছে। চার্জ হয়ে যাক। সুনির্দিষ্ট অভিযোগ আছে।
এ সময় তিশার আইনজীবী খোরশেদ আলম বলেন, ডিসচার্জের (মামলা থেকে অব্যাহতি) যথেষ্ট গ্রাউন্ড আছে। আমাদের সময় দিন। আমরা পরে শুনানি করব।
এরপর বাদীপক্ষ থেকে জানানো হয়, জামিন নেওয়ার পর তিশা তার ভেরিফাইড পেজ থেকে প্রতিষ্ঠানটি সম্পর্কে যা-তা লিখেছেন। তখন বিচারক আবারও তাদের অভিযোগটি পিটিশন আকারে জমা দিতে বলেন। পরবর্তীতে আদালত তিশার জামিন বর্ধিতের আদেশ দেন এবং আসামিপক্ষের আবেদনে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেন। তবে আদালত থেকে পরবর্তী তারিখ এখনও জানানো হয়নি।
মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটি পরে পেজটির প্রচারে অংশ নেওয়া এবং এর দাম পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তিনি পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন বাদী।
এ ঘটনায় অ্যাপোনিয়ার প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি শুনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।
পরে ডিবি তদন্ত প্রতিবেদন জমা দিলে আদালত গত ১২ জুলাই তা আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে এবং ১৩ আগস্ট তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
এদিকে, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশা অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন যে, শাড়িটি তাকে ‘উপহার’ হিসেবে দেওয়া হয়েছিল।
সময়ের আলো/আতা