মূলধন বাড়াতে বন্ড ছাড়বে ৫ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

মূলধন ভিত্তি শক্তিশালী করতে বন্ডের মাধ্যমে ৩ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে পাঁচ ব্যাংক। ব্যাংকগুলো হলো— ওয়ান ব্যাংক, সাউথইস্ট

2026-09-30T04:18:58+00:00
2026-09-30T04:18:58+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
মূলধন বাড়াতে বন্ড ছাড়বে ৫ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৮ এএম 
মূলধন বাড়াতে বন্ড ছাড়বে ৫ ব্যাংক। ছবি : সংগৃহীত
মূলধন ভিত্তি শক্তিশালী করতে বন্ডের মাধ্যমে ৩ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে পাঁচ ব্যাংক। ব্যাংকগুলো হলো— ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ব্যাংক এশিয়া। এর মধ্যে ওয়ান ব্যাংক ৪০০ কোটি, সাউথইস্ট ব্যাংক ৮০০ কোটি, ব্র্যাক ব্যাংক ১ হাজার কোটি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫০০ কোটি এবং ব্যাংক এশিয়া ৮০০ কোটি টাকার বন্ড ছাড়বে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১ হাজার ৩৩তম কমিশন সভায় এসব বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

ওয়ান ব্যাংক ৪০০ কোটি টাকার অধীনস্থ বন্ড ছাড়বে। সাত বছর মেয়াদি এ বন্ডের কুপন হার হবে রেফারেন্স হার যোগ ৩ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে ব্যক্তিগত ব্যবস্থাপনায় বন্ডটি ইস্যু করা হবে। এর মাধ্যমে ব্যাংকটির বাসেল-৩ কাঠামোর আওতায় দ্বিতীয় স্তরের মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। সাউথইস্ট ব্যাংকও ৭ বছর মেয়াদি ৮০০ কোটি টাকার অধীনস্থ বন্ড ছাড়বে। রেফারেন্স রেটের সঙ্গে আরও ৩ শতাংশ যুক্ত করে এ বন্ডের কুপন রেট নির্ধারণ হবে। বন্ডের অর্থ ব্যাংকটির দ্বিতীয় স্তরের মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

ব্র্যাক ব্যাংক ছাড়বে ৩ বছর মেয়াদি ১ হাজার কোটি টাকার পরিবেশবান্ধব বন্ড। এর সম্ভাব্য ছাড়ের হার ৮ দশমিক ৫ শতাংশ। সংগৃহীত অর্থ যোগ্য গ্রাহকদের কম খরচে পরিবেশবান্ধব অর্থায়নে ব্যবহার করা হবে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৭ বছর মেয়াদি ৫০০ কোটি টাকার অধীনস্থ বন্ড ছাড়বে। এর কুপন হার হবে রেফারেন্স হার যোগ ৩ শতাংশ। বন্ডের অর্থ ব্যাংকটির দ্বিতীয় স্তরের মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করা হবে।


অন্যদিকে ব্যাংক এশিয়া ৭ বছর মেয়াদি ৮০০ কোটি টাকার টেকসই অধীনস্থ বন্ড ছাড়বে। এর কুপন হারও হবে রেফারেন্স হার যোগ ৩ শতাংশ। বন্ডের অর্থ ব্যাংকটির দ্বিতীয় স্তরের মূলধন শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন ও পুনঃঅর্থায়নে ব্যবহার করা হবে।

বেক্সিমকো ফার্মার পর্ষদে অনাপত্তি 

একই সভায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রস্তাবিত ৯ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দিয়েছে বিএসইসি। প্রস্তাবিত পর্ষদে স্পনসরদের মধ্য থেকে এএসএফ রহমান, ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদ থাকবেন। এ ছাড়া একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ এবং আইএফআইসি ব্যাংক থেকে একজন পরিচালক রাখার প্রস্তাব রয়েছে।

পর্ষদে চারজন স্বতন্ত্র পরিচালক থাকবেন, যাদের মধ্যে তিনজন নতুন করে নিয়োগ পাবেন। তাদের একজন নারী স্বতন্ত্র পরিচালক হবেন। পর্ষদটি ২০১৮ সালের করপোরেট সুশাসন বিধিমালা অনুযায়ী গঠন করা হবে। কোম্পানির মামলা প্রত্যাহারের সাপেক্ষে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ও ২০২৫ সালের ১৫ জানুয়ারি জারি করা সংশ্লিষ্ট আদেশ প্রত্যাহারের সিদ্ধান্তও নিয়েছে কমিশন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   মূলধন  বন্ড  পাঁচ ব্যাংক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: