পিরোজপুরের হুলারহাটের গুয়াবাড়িয়া এলাকায় নারিকেল গাছের আগাছা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছে আটকে থাকা হায়দার শেখের (৫০) মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৯ নং ওয়ার্ডের হুলারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হায়দার শেখ(৫০) পিরোজপুর সদর উপজেলা গুয়াবাড়িয়া হুলারহাট ৯ নং ওয়ার্ডের মৃত শহিদ আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
ফায়ার সার্ভিস জানায়, ৯৯৯ থেকে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পিরোজপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর শোয়েব এর নেতৃত্বে ফায়ার ফাইটার মো. রাছেল শেখ ও নাজমুল এর যৌথ প্রচেষ্টায় মরদেহটি রশির মাধ্যমে প্রায় ৩৫-৪০ ফিট উঁচু থেকে কৌশল করে উদ্ধার করা হয়। পরে মৃতের স্বজন ও পিরোজপুর সদর থানা পুলিশ-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. শোয়েব বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পিরোজপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নারিকেল গাছে ঝুলে থাকা কৃষককে উদ্ধার করে নিচে নামিয়া আনতে সক্ষম হয়। তবে কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছে ঝুলন্ত অবস্থায়ই মারা গেছেন।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. শরিফুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আর এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।
সময়ের আলো/জোই