কম্প্লিট শাটডাউনে অচল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মিছিল সভা সমাবেশ অব্যাহত আছে। পালন করা হচ্ছে নতুন ও ভিন্নধর্মী কর্মসূচি। বুধবার (৩০ সেপ্টেম্বর) চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেছেন বিপুল শিক্ষার্থী।
প্রত্যাহার করা উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
বুধবার দুপুর দেড়টার দিকে চুয়েট ক্যাম্পাসে চোখ বেঁধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। চোখে কালো কাপড় বেঁধে মিছিলের মাধ্যমে প্রশাসনের নীরবতার প্রতীকী প্রতিবাদ জানান তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা চলমান কর্মসূচির অবসান চাই। আমরা চাই সাবেক উপাচার্য পুনর্বহাল হোক। টানা নবম দিনের মতো বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও প্রশাসন বা সরকার কার্যকর কোনও উদ্যোগ নেয়নি। এ অবস্থায় প্রশাসনের নীরবতার প্রতিবাদ হিসেবে চোখ বেঁধে মিছিলের কর্মসূচি পালন করা হয়েছে। আশা করছি দ্রুত অচলাবস্থার অবসান হবে।
শিক্ষার্থীদের অনেকেই জানান, আন্দোলন দীর্ঘায়িত হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন। এই ক্ষতির দায় সবাইকে বহন করতে হবে। সরকার যেন চুয়েটকে সচল করার উদ্যেগ নেয়।
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে গত ২১ সেপ্টেম্বর রাত থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। এসময় ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি ক্যাম্পাসে অবস্থান, মানববন্ধন, গণস্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে চুয়েট শিক্ষক সমিতিও।
এর আগে গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্যের পদ থেকে সরিয়ে তার স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি অনলাইনে যোগ দিলেও এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।
সময়ের আলো/এনএন