নোয়াখালীর চাটখিল উপজেলার বাবুপুর গ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্রসহ সব মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বাবুপুর গ্রামের একটি বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে চাটখিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন আশপাশের অন্যান্য বাড়িতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। পরনের পোশাক ছাড়া ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে তাদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা জানান, ঘরের সবকিছু পুড়ে যাওয়ায় বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় দ্রুত সরকারি ও মানবিক সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
চাটখিল ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সময়ের আলো/এসএকে