ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের মূল গেটে থাকা ‘শহিদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে আবারও ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম লেখা হচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের মূল গেটে থাকা ‘শহিদ ওসমান হাদি হল’ লেখা নামফলক মুছে ফেলতে দেখা গেছে।
নামফলক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন হল সংসদের ভিপি মো. মুসলিমুর রহমান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।
সময়ের আলোর কাছে মো. মুসলিমুর রহমান বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা হলের নাম পরিবর্তনের দাবি জানাই। সে সময় প্রায় ৮০০ শিক্ষার্থীর স্বাক্ষর নেওয়া হয়। পরবর্তীতে হাদি ভাইয়ের হত্যার পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতেই তাঁর নাম লেখার পক্ষেও শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি আসে।’
তিনি বলেন, ‘আজকে নাম পরিবর্তনের বিষয়টি আমি ফেসবুকে দেখতে পাই। পরে হল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, যেহেতু হলটির অফিসিয়াল নাম এখনো আগের নামেই আছে। সিন্ডিকেট থেকে আবার পরিবর্তন করা হলে সেই অনুযায়ী নামকরণ করা হবে।’
হল প্রশাসনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কোনো ফ্যাসিবাদের নামে হলের নামকরণের পক্ষে নই। এ বিষয়ে আমরা উপাচার্যের সঙ্গে কথা বলব এবং সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেব।’
এ বিষয়ে জানতে শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
উল্লেখ্য, ৫ আগস্ট-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রথমে হলটিতে ‘কাজী নজরুল ইসলাম হল’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। পরে ওসমান হাদি হত্যার পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হল সংসদটির নাম ‘শহিদ ওসমান হাদি হল’ করে।
পরবর্তীতে নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিষয়টি সিন্ডিকেট থেকে সিনেটে পাঠানো হয়। সেখানে কোনো সমাধান না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি আবার সিন্ডিকেটে পাঠায়। এর প্রতিবাদে সিনেট অধিবেশন থেকে ডাকসুর পাঁচ সদস্য ওয়াকআউট করেন।
সময়ের আলো/এসএকে