বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’ নতুন দৃশ্যসহ আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও মার্ভেল। সম্প্রতি ডিজনির ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর বিশেষ রি-রিলিজ বিশ্বজুড়ে মাত্র এক সপ্তাহান্তেই ৮ কোটি ৬০ লাখ ডলার আয় করে।
ধারণা করা হচ্ছে, সেই সাফল্য দেখেই স্পাইডার-ম্যানকে নতুন করে প্রেক্ষাগৃহে আনার এই কৌশল নেওয়া হয়েছে। এর মাধ্যমে এককভাবে উত্তর আমেরিকার বাজার থেকেই প্রথম সিনেমা হিসেবে ১ বিলিয়ন ডলার আয়ের ইতিহাস গড়তে চায় সনি ও মার্ভেল।
গত ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে রাজত্ব করছে স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে। এ পর্যন্ত প্রায় আড়াই বিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়েছে এটি। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমাটি কবে নাগাদ বাড়তি ফুটেজসহ নতুন করে প্রেক্ষাগৃহে আসবে তা এখনও ঘোষণা করেনি প্রযোজনা প্রতিষ্ঠান।
সময়ের আলো/প্রিন্ট/কেআই