এক দিনের সফরে ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জেলার পরশুরাম ও ফুলগাজীতে নির্ধারিত একাধিক কর্মসূচিতে অংশ নিতে তিনি ফেনীতে আসেন। সড়কের দুই পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে অভিবাদন জানান।
দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করতে অনুষ্ঠানস্থলের উদ্দেশে যাত্রা করেন। এ সময় তিনি ফেনীর মহিপাল ও সদর হাসপাতাল মোড় হয়ে খেয়াঘাট-মুহুরী ব্রিজসংলগ্ন চরের অনুষ্ঠানস্থলে যান।
পরশুরামের কর্মসূচি শেষে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এরপর বেলা ২টা থেকে আড়াইটার মধ্যে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন তিনি। সেখানে স্থাপিত রুফটপ সোলার ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে কিছু সময় বিশ্রাম নেবেন।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মান প্রদানের কর্মসূচি রয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সময়ের আলো/কেএইচও