প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১৩ পিএম
প্রতীকী ছবিকক্সবাজারের উখিয়ায় এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর অভিমান করে গলায় ফাঁস দিয়ে জুঁই বড়ুয়া (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া ফৈজা বাপের বাড়ি এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত জুঁই বড়ুয়া স্থানীয় ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ওই এলাকার শংকর বড়ুয়ার মেয়ে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, ‘ভালুকিয়া এলাকায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর অভিমান করে সে আত্মহত্যা করেছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের একটি কক্ষে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে জুঁই। সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।
তিনি আরও বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সময়ের আলো/প্রিন্ট/এমকে