আহত সঙ্গীকে ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতি

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে অসুস্থ স্ত্রী হাতিকে নিয়ে উপকূলীয় পাহাড় থেকে লোকালয়ে নেমে এসেছে একটি পুরুষ হাতি। স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ে

2026-11-16T22:52:36+00:00
2026-11-16T22:52:36+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
আহত সঙ্গীকে ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৫২ পিএম 
ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে অসুস্থ স্ত্রী হাতিকে নিয়ে উপকূলীয় পাহাড় থেকে লোকালয়ে নেমে এসেছে একটি পুরুষ হাতি। স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত। যন্ত্রণায় ঠিকমতো হাঁটতেও পারছে না সে। এমন অবস্থায় সঙ্গীকে এক মুহূর্তের জন্যও একা ছাড়ছে না পুরুষ হাতিটি। চলাফেরার সময়ও থাকছে তার পাশে।

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে বাহারছড়া পাহাড় থেকে হাতি দুটি লোকালয়ে নেমে আসে। স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন ধরেই বাহারছড়ার জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতি দুটিকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে।

স্থানীয়রা জানান, স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ের চামড়া উঠে গেছে। গুরুতর আঘাতের কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে না সেটি। তাদের ধারণা, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী কিংবা মানবপাচারকারীদের গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে কীভাবে বা কারা হাতিটিকে আঘাত করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহত স্ত্রী হাতিটির পাশেই থাকছে পুরুষ হাতিটি। চলার সময় স্ত্রী হাতিটি কষ্ট পেলে পুরুষ হাতিটিকেও তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সঙ্গীর প্রতি পুরুষ হাতিটির এমন আচরণ স্থানীয়দের আবেগাপ্লুত করেছে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত চিকিৎসা না পেলে আহত হাতিটির শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। তাই বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।


এ বিষয়ে শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি দল নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে স্ত্রী হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত না করেন বা আক্রমণের চেষ্টা না করেন। এ বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

স্থানীয়দের একটাই প্রত্যাশা, দ্রুত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠুক আহত স্ত্রী হাতিটি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   আহত  সঙ্গী  হাতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: