‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব’

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীতে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর ভবন লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে

2026-11-17T01:30:42+00:00
2026-11-17T01:30:42+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে চাঁদা দাবি
‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:৩০ এএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীতে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর ভবন লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ফোন করে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত রোববার রাত সোয়া ১২টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ভবন লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ভবন মালিক জাফর একজন ভূমি ব্যবসায়ী। তার অভিযোগ, প্রায় ১০ মাস আগে তালিকাভুক্ত সন্ত্রাসী রায়হান তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। সে সময় স্ত্রীকে চিকিৎসা করিয়ে ভারত থেকে দেশে ফেরার কথা জানিয়ে তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর কয়েক দিন আর যোগাযোগ করেনি রায়হান। তবে গত বুধবার আবারও ফোন করে চাঁদা দাবি করা হয়।

জাফর জানান, রোববার রাতে দুর্বৃত্তরা তার ভবনের দ্বিতীয় তলার একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই কক্ষে তখন কেউ ছিলেন না। গুলির ঘটনার পরপরই তাকে ফোন করে হুমকি দেওয়া হয়। ফোনে বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।’

বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, শহীদনগর এলাকার ভবনটির মালিক জাফর। তিনি ভূমি কেনাবেচার সঙ্গে জড়িত। তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। রোববার রাতে দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে ভবন লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যমতে, চট্টগ্রামের অপরাধ জগতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান এবং তার সহযোগীরা নগরীর পাঁচলাইশ, চান্দগাঁও ও বায়েজিদসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও ভবন মালিকদের কাছে চাঁদা দাবি করে আসছে বলে অভিযোগ রয়েছে। তারা বড় সাজ্জাদের হয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।

এদিকে বড় সাজ্জাদ বিদেশে পলাতক এবং ছোট সাজ্জাদ চট্টগ্রাম কারাগারে রয়েছে। অপরাধ জগতের আরেক সদস্য ডেভিড ইমনও সম্প্রতি গ্রেফতার হয়ে কারাগারে আছে। এসব ঘটনার পর নগরীর অপরাধ জগতে রায়হানের তৎপরতা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে গ্রেফতারে পুলিশ একাধিকবার অভিযান চালালেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   চট্টগ্রাম  চাঁদা  ভূমি ব্যবসায়ী  গুলি  হুমকি  দুর্বৃত্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: