প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সাত মাসে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, বিগত সরকারের ১৬-১৭ বছরে তা হয়নি। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ায় এই সরকারের জনগণের কাছে জবাবদিহি রয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে কৃষি ও কৃষকদের উন্নয়নের কোনো বিকল্প নেই। কৃষকদের উন্নয়নে নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে সরকার কৃষি কার্ড বিতরণ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল ফোরকান, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর, চট্টগ্রামের উপপরিচালক আপ্রু মার্মা।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া, লায়ন হেলাল উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা নুরুল আমিন, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আমিন উল্লাহ বাহার, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দীন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সদস্যসচিব অহিদুল আলম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ও নেছার উদ্দীন চেয়ারম্যানসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে মির্জাপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মোট ১ হাজার ১৮০ জন কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হয়। পাশাপাশি কৃষি সহায়তা উপকরণের অর্থ তাঁদের মোবাইল ফোনে পাঠানো হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে যুক্ত হন। একই দিনে দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলায় মোট ১০ হাজার ১৬৫ জন কৃষকের মধ্যে কৃষি উপকরণ সহায়তা ও কৃষি কার্ড বিতরণ করা হয়।
সময়ের আলো/জোই