জমকালো আয়োজন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নোয়াখালীর চাটখিলে ‘রমাপুর কেন্দ্রীয় জামে মসজিদ’-এর শুভ উদ্বোধন করা হয়। আধুনিক দৃষ্টিনন্দন নতুন এই মসজিদ ভবনটি উদ্বোধনের মাধ্যমে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রতীক্ষার অবসান ঘটলো।
শুক্রবার (২ অক্টোবর) নামফলক উন্মোচনের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও সমাজসেবক আলহাজ মো. ইউসুফ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো. জহির, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এ আয়োজনে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্য প্রদানকালে আলহাজ মো. ইউসুফ বলেন, মসজিদ কেবলই সালাত আদায়ের স্থান নয় এটি ইসলামী সংস্কৃতি, শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার প্রধান কেন্দ্রবিন্দু। আমার বিশ্বাস, রমাপুর কেন্দ্রীয় জামে মসজিদটি এলাকার দ্বীনি আবহ বজায় রাখা এবং একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
উদ্বোধন শেষে মসজিদ প্রাঙ্গণে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মোনাজাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে খাস দোয়া করা হয়। দোয়া পরিচালনা শেষে উপস্থিত সব মুসল্লি ও অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সময়ের আলো/জোই