অবৈধভাবে ভারত থেকে আসা কাপড়বোঝাই একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (৩ অক্টোবর) ভোরে পিরোজপুরের হুলারহাট খাল থেকে ট্রলারটি জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের ধাওয়ার একপর্যায়ে ট্রলারে থাকা লোকজন সেটি রেখে পালিয়ে যান।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বলেশ্বর নদীর দক্ষিণ চরদোয়ানী এলাকায় টহল দিচ্ছিল কোস্টগার্ডের পাথরঘাটা বিসিজি স্টেশনের একটি দল। এ সময় সন্দেহজনক মাছ ধরার ট্রলারটিকে থামার সংকেত দেওয়া হয়।
তবে সংকেত অমান্য করে ট্রলারটি পিরোজপুরের দিকে এগিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটির পিছু নেন। একপর্যায়ে ট্রলারটি পিরোজপুরের হুলারহাট খালে রেখে এর লোকজন পালিয়ে যান।
পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি জব্দ করেন। ট্রলারটিতে ভারতীয় কাপড় পাওয়া গেলেও এর পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আশরাফুল আলম বলেন, ট্রলারে থাকা কাপড় গণনা করা হচ্ছে। গণনা শেষে কাপড়ের পরিমাণ জানা যাবে।
সময়ের আলো/এনএন