বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না : হেফাজতে ইসলাম

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’ করার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম

2026-11-26T20:12:15+00:00
2026-11-26T20:12:15+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না : হেফাজতে ইসলাম
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:১২ পিএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’ করার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো আঘাত ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এসব কথা বলেন।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, ভারতের সমর্থনপুষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনতাকামী ছাত্র-জনতাকে দমাতে পারেননি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া কিছু নয়। তাদের দাবি, জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়তে বাধ্য করায় ভারত উদ্বিগ্ন। এ কারণে পশ্চিমবঙ্গের কয়েকজন নেতার মাধ্যমে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে।

তারা বলেন, বাংলাদেশের জনগণ এসব হুমকিকে পরোয়া করে না। দেশে ভারতের যেসব চিহ্নিত সহযোগী রয়েছে, তাদেরও একে একে নির্মূল করা হবে বলে মন্তব্য করেন তারা।


বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ মানেই আওয়ামী লীগ বা শেখ পরিবার—এমন বাস্তবতা এখন আর নেই। ভারতের এ বাস্তবতা উপলব্ধি করা উচিত। তাঁদের অভিযোগ, ১৭ বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করেছে ভারত।

হেফাজত নেতারা আরও অভিযোগ করেন, ভারতবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের পাশাপাশি বিএনপি নেতা ইলিয়াস আলী ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ নির্মম নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন। আধিপত্যবাদবিরোধী ইসলামপন্থীদের বিরুদ্ধেও বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে দাবি করেন তাঁরা। পিলখানা হত্যাকাণ্ডে শহিদ ৫৭ সেনা কর্মকর্তা এবং শহিদ ওসমান হাদির রক্তের দায়ও ভারতের ওপর চাপান তারা।

বিবৃতিতে তাঁরা বলেন, নিজেদের দেশের সংখ্যালঘু মুসলমানদের সুরক্ষা দিতে ব্যর্থ ভারত বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। ২০২৪ সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর নত করা যাবে না। ভারতের অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

হেফাজত নেতারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অজুহাতে বাংলাদেশের ওপর আঘাত এলে তার পাল্টা প্রতিক্রিয়া ভারতের সেভেন সিস্টার্স হয়ে দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারে। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা রক্ষার সক্ষমতা প্রমাণ করেছে। এ ছাড়া সামরিকভাবে শক্তিশালী মুসলিম দেশগুলো বাংলাদেশের পাশে থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   হেফাজতে ইসলাম  ভারত  বাংলাদেশ  অর্জুন সিং  মুহিব্বুল্লাহ বাবুনগরী  সাজেদুর রহমান  আজিজুল হক ইসলামাবাদী  বাংলাদেশ-ভারত সম্পর্ক  সার্বভৌমত্ব  জুলাই অভ্যুত্থান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: