প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৩৯ পিএম

ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, গত কয়েক দিনে আকবরশাহ থানা এলাকার বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন ছিনতাই ও হারিয়ে যাওয়ার ঘটনায ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগীরা থানায় বেশ কয়েকটি সাধারণ ডায়েরি (জিডি) এবং লিখিত অভিযোগ দায়ের করেন। এসব অভিযোগের ভিত্তিতে আকবরশাহ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিঠুন চন্দ্র ঘোষ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ধারাবাহিক ও নিবিড় অভিযান পরিচালনা করেন। এরপর বিভিন্ন স্থান থেকে ১০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হন।
হস্তান্তর অনুষ্ঠানে সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) মো. আলমগীর হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বা পুলিশ সুপার) রুহুল আমিন লাভলু, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজের হোছাইন এবং উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া এএসআই মিঠুন চন্দ্র ঘোষের উপস্থিতিতে ফোনগুলো প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও মালিকানা যাচাই-বাছাই শেষে ভুক্তভোগীদের হাতে তাঁদের ফোনগুলো তুলে দেওয়া হয়।
শখের ও জরুরি কাজে ব্যবহৃত মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগীরা। ফোন ফিরে পাওয়া এক মালিক নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, মোবাইলটি হারানোর পর তিনি ভেবেছিলেন আর কখনোই ফিরে পাবেন না, কিন্তু আকবরশাহ থানা পুলিশ দ্রুততম সময়ে সেটি উদ্ধার করে তার হাতে তুলে দিয়েছে। পুলিশের এমন জনবান্ধব পদক্ষেপে তিনি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ বলে জানান।
অপর এক ভুক্তভোগী ইমন বলেন, ফোনটিতে তার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও দাপ্তরিক তথ্য সংরক্ষিত ছিল। থানায় জিডি করার পর পুলিশ যে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ জন্য তিনি সিএমপি ও আকবরশাহ থানা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
এ বিষয়ে সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) মো. আলমগীর হোসেন বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে সিএমপির এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অন্যদিকে, এই ফোনগুলো উদ্ধারে মূল ভূমিকা রাখা এএসআই মিঠুন চন্দ্র ঘোষ বলেন, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ও ছিনতাই হওয়া মোবাইল ফোন দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিতে তাঁরা সর্বদা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সময়ের আলো/জোই