গাজীপুরের কালিয়াকৈরে মায়ের কাছে মাদকের টাকা চেয়ে না পেয়ে মারধরের চেষ্টার অভিযোগে নাহিদ (২৫) নামে যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন।
দণ্ডপ্রাপ্ত নাহিদ উপজেলার আটাবহ ইউনিয়নের শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নাহিদ তার মায়ের কাছে মাদকের জন্য টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মায়ের ওপর চড়াও হন এবং মারধরের চেষ্টা করেন। এ সময় মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নাহিদকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
এ ঘটনায় নাহিদের মা নাসিমা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ করেন। স্থানীয়দের অভিযোগ, এর আগেও নেশার টাকা না পেয়ে নাহিদ তার মাকে মারধর করেছেন।
পরে শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে নাহিদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও চলমান থাকবে।
সময়ের আলো/ এনএন