জয় দিয়ে এশিয়ান গেমসের হকি অভিযান শেষ করেছে বাংলাদেশ পুরুষ দল। সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আসর শেষ করে পিটার গেরহার্ডের শিষ্যরা। গতকাল শনিবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে খেলেছে বাংলাদেশ। তৃতীয় মিনিটেই গোলের দেখা পায় লাল-সবুজরা। অধিনায়ক রোমান সরকারের ফিল্ড গোলে দ্রুত এগিয়ে যায় দলটি।
প্রথম কোয়ার্টারে পাওয়া সেই লিড ধরে রেখে আক্রমণের ধার বাড়াতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে ব্যবধানও দ্বিগুণ হয়। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল ইসলাম। দুই গোলে পিছিয়ে থাকা থাইল্যান্ড পরে ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণে খুব একটা চাপ তৈরি করতে পারেনি। উল্টো ৫৩ মিনিটে আরেকবার জালের দেখা পায় বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন আশরাফুল ইসলাম।
শেষ দিকে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম স্থান নিয়েই এশিয়ান গেমসের হকি মিশন শেষ করল লাল-সবুজের দল।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে