ক্রিশ্চিয়ানো রোনালদোর অসাধারণ ক্যারিয়ার ও রিয়াল মাদ্রিদে তার অবদানের প্রশংসা করেছেন জিনেদিন জিদান। সাবেক শিষ্যের সঙ্গে কাজ করার সুযোগকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় হিসেবেও উল্লেখ করেছেন ফ্রান্সের সাবেক এই তারকা।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জিদানের সঙ্গে কাজ করেছেন রোনালদো। এই সময়ে পর্তুগিজ ফরোয়ার্ডের দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপীয় ফুটবলে একের পর এক সাফল্য পায় স্প্যানিশ জায়ান্টরা। টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি দুটি লা লিগা শিরোপাও ঘরে তোলে রিয়াল।
রোনালদোকে নিয়ে জিদান বলেন, ‘তার অসাধারণ ক্যারিয়ারকে সম্মান জানাতেই হবে। তাকে আমার সঙ্গে পাওয়ার সৌভাগ্য হয়েছিল। সে আমাকে অনেক শিরোপা জিততে সাহায্য করেছে। ক্রিশ্চিয়ানোকে অভিবাদন। তার প্রতি আমার অনেক সম্মান।’
জিদানের প্রথম মেয়াদে রিয়ালের হয়ে ১১৪ ম্যাচে ১১২ গোল করেছিলেন রোনালদো। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছিলেন ২৭টি গোল। রিয়ালের হয়ে তার সবচেয়ে সফল সময়গুলোর একটি ছিল এই অধ্যায়।
পর্তুগাল জাতীয় দলে রোনালদোর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি জিদান। বরং ৪১ বছর বয়সী সাবেক শিষ্যের দীর্ঘ ক্যারিয়ার, সাফল্য এবং দলের হয়ে অবদানের কথাই তুলে ধরেছেন তিনি।
সময়ের আলো/এমকে