জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে এবার বিজেপির প্রার্থী হিসেবে ফের রাজ্যসভায় যাওয়ার দৌড়ে নামলেন বাংলা সিনেমার এই পরিচিত মুখ।
চলতি বছরের এপ্রিলে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন কোয়েল। তবে কোনো সংসদীয় অধিবেশনে অংশ নেওয়ার আগেই জুলাই মাসে তিনি পদত্যাগ করেন। তার ছেড়ে দেওয়া আসনটিতেই এবার উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর ওই শূন্য আসনে ভোট হবে। দিনটি দুর্গাপূজার মহাসপ্তমী। ফলে উৎসবের আবহেই রাজ্যসভার এই উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে।
প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক সাইকোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। ২০১৩ সালে তিনি নিষপাল সিংকে বিয়ে করেন। দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় এই অভিনেত্রী এর আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন।
এবার বিজেপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোয়েল মল্লিকের ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে।
সময়ের আলো/এমকে