বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে শ্যোন অ্যারেস্ট (পুনঃগ্রেফতার) দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, কাজী হাবিবুল আউয়াল ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি ২০২৪ সালের জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে তৎকালীন সরকারকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে প্রত্যক্ষ ভূমিকা পালন করেন এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার মূল রহস্য উদঘাটনের স্বার্থে কাজী হাবিবুল আউয়ালকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো প্রয়োজন।
শুনানি শেষে আদালত এ আদেশ প্রদান করেন। মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় ওই বছরের ২৩ আগস্ট আদাবর থানায় মামলাটি করা হয়।
সময়ের আলো/মহু