নাসীরুদ্দীনের ওপর আবারও হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি

রাজনীতি

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি

2026-10-04T21:30:16+00:00
2026-10-04T21:30:16+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
রাজনীতি
নাসীরুদ্দীনের ওপর আবারও হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:৩০ পিএম 
নাসীরুদ্দীনের ওপর আবারও হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে রাত ৮টার দিকে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় নাসীরুদ্দীন পাটওয়ারী মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন। এরপর এ ঘটনায় এজাহার দিতে তিনি কুমারখালী থানার উদ্দেশ্যে রওনা হন।

এনসিপির দলীয় সূত্র জানায়, ব্যক্তিগত সফরের অংশ হিসেবে রোববার কুষ্টিয়ায় যান নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রথমে তিনি কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়িতে যান। মাজার পরিদর্শন শেষে ভেতরে স্থানীয় শিল্পীদের গান শুনছিলেন এবং ফেসবুকে লাইভ করছিলেন। এ সময় তার ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয় বলে দলীয় সূত্রের দাবি।

এনসিপির একটি সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, কুষ্টিয়া পৌর ছাত্রদলের সদস্য সংগ্রাম নামে এক ব্যক্তির নেতৃত্বে হামলা ও ভাঙচুর চালানো হয়।

তবে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি বলেন, ছাত্রদল মব রাজনীতিতে বিশ্বাস করে না। যদি এই হামলার সঙ্গে ছাত্রদলের কোনো নেতা বা কর্মী জড়িত থাকে, তাহলে এর দায়-দায়িত্ব তাকে বা তাদেরই বহন করতে হবে।

হামলার সময় এনসিপি কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনিসহ স্থানীয় নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ছিলেন বলে দলীয় সূত্র জানায়। ঘটনার পর তিনি কিছু সময় মাজার প্রাঙ্গণে অবস্থান করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মাজারে এসেছেন। শুনেছি তার সঙ্গে কিছু একটা হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে যাওয়ার পর বিস্তারিত বলতে পারব।

এদিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে কয়েকজনকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ‘ধর, ধর’ বলে তাড়া করতে দেখা যায়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটির সত্যতা এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য জানতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা চেষ্টা করলেও তিনি হামলার বিষয়ে কথা বলতে রাজি হননি।

সময়ের আলো/আতা
  বিষয়:   কুষ্টিয়া  কুমারখালী  ছেঁউড়িয়া  লালন শাহ  মাজার  জাতীয় নাগরিক পার্টি  এনসিপি  মুখ্য সমন্বয়ক  নাসীরুদ্দীন পাটওয়ারী  হামলা  গাড়ি ভাঙচুর  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: