মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়না’ ইতালির ‘সান জিওভান্নি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অফিশিয়াল সিলেকশন পেয়েছে। সম্প্রতি ইমেইল বার্তায় উৎসবের পরিচালক মার্কো পিরাস আন্তর্জাতিক চলচ্চিত্র পরিবেশনা প্রতিষ্ঠান সিনেমা কিং লিমিটেডকে অফিশিয়াল সিলেকশন নিশ্চিত করেছেন।
মনজুরুল ইসলাম মেঘ জানান, এর আগে ইতালির গলফ অফ নেওপল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ময়না ‘বেস্ট ফিল্ম প্রডাকশন’ পুরস্কার অর্জন ও ‘কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ সেমি ফাইনালিস্ট হয়েছিল ‘ময়না’। ইতালিতে তৃতীয়বার বাংলাদেশের একটি সিনেমা অফিশিয়াল সিলেকশন হওয়ায় বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক চাহিদা বেড়েছে প্রমাণিত।
ইতালি ছাড়া লন্ডন, আমেরিকা, কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসিত হয়েছে ‘ময়না’।
সিনেমায় ফুটে তোলা হয়েছে গ্রামের সাধারণ এক পরিবারের মেয়ের আবহমান বাংলার সামাজিক প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাওয়ার সফলতার গল্প। শিশু থেকে পরিণত ময়না এক সময় নিজের মাতৃত্বের আহাকার করলেও নিজের অনাগত সন্তানের পিতৃপরিচয়ের সংকটে সমাজের নিষ্ঠুর বেড়াজালে বন্দি হয়।
২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘ময়না’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবাগত রাজ রিপা, কায়েস আরজু, আমান রেজা, সুব্রত, মোমেনা চৌধুরী, সূচনা, জারা, নাদের চৌধুরী ও শিশুশিল্পী জান্নাতুল ভোর প্রমুখ।
সময়ের আলো/প্রিন্ট/এমকে