যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলীয় শহর গসপোর্টে অভিবাসীদের আগমনকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) গসপোর্টের একটি মেরিনায় প্রায় ১৫০ জন অভিবাসনবিরোধী বিক্ষোভকারী জড়ো হন। এ সময় কয়েকটি ফ্লেয়ার জ্বালানো হয় এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক দফা সংঘর্ষ হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ১২ জনের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। তাদের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে হামলা, জনশৃঙ্খলা ভঙ্গ, বর্ণবিদ্বেষমূলক আচরণ এবং সম্পত্তি ক্ষতিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। তারা সবাই পুলিশ হেফাজতে রয়েছেন।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাঝ ইংলিশ চ্যানেলে উদ্ধার অভিযান চালিয়ে ১৪৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। ব্রিটিশ রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই) ও একটি ফরাসি জাহাজ যৌথভাবে তাদের উদ্ধার করে। পরে তাদের কোচে করে কেন্টের একটি প্রসেসিং সেন্টারে নিয়ে যাওয়া হয়।
বিক্ষোভের সময় পরিস্থিতি বেশিরভাগ সময় শান্ত থাকলেও কয়েকজন বিক্ষোভকারী পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে সেগুলোর চলাচল আটকে দেন এবং পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন।
হ্যাম্পশায়ার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। তবে বিক্ষোভে উপস্থিত কেউ গুরুতর আহত হননি।
পুলিশের সহকারী প্রধান কনস্টেবল সাইমন ডডস বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতা ও সম্পত্তি ধ্বংসের কোনো স্থান নেই। ঘটনার ভিডিও ও পুলিশের বডি-ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আরও অপরাধী শনাক্ত করা হলে অতিরিক্ত গ্রেফতার করা হতে পারে।
এ ঘটনায় আরও পাঁচজনকে নির্দিষ্ট সময়ের জন্য এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ