খাগড়াছড়ির দীঘিনালায় ৫১ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. সেলিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া সেলিম মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালী বাইতুন নূর জামে মসজিদের সভাপতি, মধ্য বোয়ালখালী মাদক নির্মূল কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির উত্তর শাখার সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের বোয়ালখালী গরুর বাজারের পশ্চিম পাশে একটি ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সেলিম মিয়া উপজেলার মধ্য বোয়ালখালী এলাকার বাসিন্দা ও ঐ এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ইব্রাহিম সঙ্গীয় ফৌর্সসহ অভিযান চালিয়ে সেলিম মিয়াকে গ্রেফতার করেন। এ সময় তার ব্যবহৃত মোটর সাইকেলের সিটের নিচে থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসামাজিক কর্মকাণ্ডসহ নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সেলিম মিয়াকে দল থেকে বহিষ্কার করেছে দীঘিনালা উপজেলা বিএনপি। সোমবার (৫ অক্টোবর) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুশীল জীবন ত্রিপুরা স্বাক্ষরিত চিঠিতে তাকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত অনুযায়ী সেলিম মিয়াকে সংগঠনবিরোধী, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসামাজিক কর্মকাণ্ডসহ নানা অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় প্রাথমিক সদস্য পদ ও সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আতা