ঠোঁট শুধু সৌন্দর্যের অংশ নয়, শরীরের কিছু শারীরিক পরিবর্তনেরও ইঙ্গিত দিতে পারে। আয়নায় মুখ দেখার সময় তাই ঠোঁটের রঙে অস্বাভাবিক কোনো পরিবর্তন হচ্ছে কি না, সেদিকে মাঝেমাঝে খেয়াল রাখুন।
ফ্যাকাশে ঠোঁট
ঠোঁট স্বাভাবিক গোলাপি রঙ হারিয়ে অতিরিক্ত ফ্যাকাশে বা সাদাটে হয়ে গেলে বুঝতে হবে, শরীরে রক্তস্বল্পতা বা আয়রনের ঘাটতির মতো সমস্যা থাকতে পারে। রক্ত সঞ্চালনে সমস্যা এবং ভিটামিন বি১২-এর ঘাটতিতেও ঠোঁট বিবর্ণ হতে পারে।
নীলচে বা বেগুনি ঠোঁট
ঠোঁট হঠাৎ নীলচে বা বেগুনি হয়ে গেলে তা রক্তে অক্সিজেনের ঘাটতির ইঙ্গিত হতে পারে। দীর্ঘদিনের হাঁপানি, সিওপিডি বা নিউমোনিয়ার মতো শ্বাসতন্ত্রের সমস্যায় এমন পরিবর্তন দেখা যেতে পারে। এছাড়া, জন্মগত হৃদ্রোগের ক্ষেত্রেও ঠোঁট নীলচে হতে পারে।
অস্বাভাবিক লাল ঠোঁট
লিপস্টিক ব্যবহার না করেও ঠোঁট অস্বাভাবিক লাল দেখালে বিষয়টি নিয়ে সতর্ক হন। কিছু ক্ষেত্রে লিভারের সমস্যার সঙ্গে এমন পরিবর্তনের সম্পর্ক থাকতে পারে। আবার প্রসাধনীতে অ্যালার্জি হলেও ঠোঁটে প্রদাহ, ফোলাভাব ও জ্বালাপোড়া দেখা দিতে পারে।
হলদেটে ঠোঁট
ঠোঁট বা ঠোঁটের আশপাশের ত্বকে হলদেটে ভাব দেখা দিলে জন্ডিসসহ লিভার বা পিত্তথলির সমস্যার সম্ভাবনা থাকতে পারে। পিত্তথলিতে পাথর, লিভারের সংক্রমণ বা অন্যান্য লিভারজনিত সমস্যায় শরীরের বিভিন্ন অংশে হলুদাভ পরিবর্তন দেখা দিতে পারে।
কালচে বা কালো ছোপযুক্ত ঠোঁট
ঠোঁট কালচে হওয়া বা কালো ছোপ পড়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। অতিরিক্ত ধূমপান, বেশি চা-কফি পান, কিছু প্রসাধনী ব্যবহারে ত্বকে রঞ্জক পদার্থের পরিবর্তন কিংবা হরমোনের ভারসাম্যহীনতার কারণে এমন হতে পারে।
ধূসর ঠোঁট
ঠোঁটের স্বাভাবিক রঙ বদলে ধূসর বা বিবর্ণ দেখালে এর পেছনে বিভিন্ন শারীরিক কারণ থাকতে পারে। বিপাকক্রিয়ার কিছু সমস্যা, দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা অ্যাসিডিটির মতো সমস্যার সঙ্গেও এমন পরিবর্তনের সম্পর্ক থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে, ঠোঁটের রঙের পরিবর্তন মানেই কোনো রোগ হয়েছে, তা ভাবা ঠিক হবে না। অস্বাভাবিক পরিবর্তন দীর্ঘদিন স্থায়ী হলে কিংবা এর সঙ্গে অন্য কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র : আনন্দবাজার
সময়ের আলো/মহু