ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ১ম সেমিস্টার পরীক্ষার ২১০৭ নং কোর্সের ২য় পরীক্ষক বিভাগের অধ্যাপক ও উপ-উপাচার্য ড. এমতাজ হোসেনের উত্তরপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এ কমিটিতে খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দকে আহ্বায়ক ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামানকে সচিব করা হয়েছে। কমিটির আরেক সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেনের বিরুদ্ধে এই খাতা হারানোর অভিযোগ উঠে। এ ঘটনায় ৫ মাস ধরে ওই সেমিস্টারের ফলাফল আটকে আছে। ফল প্রকাশ না হওয়ায় পরবর্তী সেমিস্টারের পরীক্ষায় নিয়েও শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দ বলেন, ‘চিঠি হাতে পেয়েছি। আমরা তদন্তের কাজ অনেক দূর এগিয়ে নিয়েছি। আশা করি, আগামীকাল বা পরবর্তী শনিবার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবো।’
সময়ের আলো/এনএন