শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় খেলাধুলাকে আরও গুরুত্ব দিয়ে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাব্যবস্থায় খেলাধুলাকে আরও গুরুত্ব দিতে চান। আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে একটি বিষয় হিসেবে গণনা করা হবে। তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শিক্ষার সঙ্গে ক্রীড়াকে সম্পৃক্ত করার লক্ষ্যেই এবার বড় পরিসরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তিনি জানান, সারাদেশের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান প্রাথমিকভাবে চারটি খেলায় অংশ নিয়েছে। খেলাগুলো হলো দাবা, হ্যান্ডবল, সাঁতার ও কাবাডি। এসব প্রতিযোগিতা পেরিয়ে সারাদেশ থেকে তিন শতাধিক শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশ নিয়েছে। মঙ্গলবার থেকেই চূড়ান্ত পর্ব শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আগামী দিনে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্রীড়াকে শিক্ষাব্যবস্থার অপরিহার্য অংশ হিসেবে গড়ে তোলার কাজ চলছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন। এ টুর্নামেন্টও বড় পরিসরে আয়োজন করা হবে।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় প্রতিযোগিতার উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া ও জেলা প্রশাসক মিজ রোজী আকতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল।
সময়ের আলো/এসএকে