প্রযুক্তিগত উন্নয়ন এবং ব্যাংকিং নিরাপত্তা আরও জোরদার করতে দেশের ৩০টি বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা একসঙ্গে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে এটিএম, কার্ড, পিওএস, কিউআর ও অনলাইন লেনদেনের কিছু সেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় প্রয়োজনের সময় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।
রবিবার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ শুরু হয়েছে।
ব্যাংকগুলোর দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, মাইগ্রেশনের সময় কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), পয়েন্ট অব সেল (পিওএস) এবং নির্দিষ্ট কিছু কার্ড সেবা বন্ধ থাকতে পারে। কিছু ব্যাংকের ক্ষেত্রে এনপিএসবি, ই-কমার্স ও কিউআরভিত্তিক লেনদেনও সাময়িকভাবে বন্ধ থাকার কথা জানানো হয়েছে।
তবে ডেবিট কার্ডসহ ব্যাংকের সব ধরনের সেবা একসঙ্গে বন্ধ থাকছে না। কোন ব্যাংকের কোন সেবা কতক্ষণ বন্ধ থাকবে, সেটিও ব্যাংকভেদে ভিন্ন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই সিস্টেম মাইগ্রেশনের কাজ করা হচ্ছে। তবে সেবা বন্ধ রাখার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আগাম না জানিয়ে একযোগে এমন সিদ্ধান্ত নেওয়াকে গভর্নরের পক্ষ থেকে গর্হিত কাজ হিসেবে দেখা হচ্ছে।
যে ৩০ ব্যাংকের সেবা সাময়িক বন্ধ
১. বাংলাদেশ কমার্স ব্যাংক
২. বাংলাদেশ কৃষি ব্যাংক
৩. অগ্রণী ব্যাংক
৪. ব্যাংক এশিয়া
৫. বেসিক ব্যাংক
৬. সোশ্যাল ইসলামী ব্যাংক
৭. ব্যাংক আলফালাহ বাংলাদেশ
৮. কমিউনিটি ব্যাংক
৯. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
১০. আইসিবি ইসলামী ব্যাংক
১১. আইএফআইসি ব্যাংক
১২. যমুনা ব্যাংক
১৩. জনতা ব্যাংক
১৪. মেঘনা ব্যাংক
১৫. মার্কেন্টাইল ব্যাংক
১৬. মিডল্যান্ড ব্যাংক
১৭. মধুমতি ব্যাংক
১৮. ন্যাশনাল ব্যাংক
১৯. এনসিসি ব্যাংক
২০. এনআরবি কমার্শিয়াল ব্যাংক
২১. এনআরবি গ্লোবাল ব্যাংক
২২. রূপালী ব্যাংক
২৩. শাহজালাল ইসলামী ব্যাংক
২৪. সীমান্ত ব্যাংক
২৫. সোনালী ব্যাংক
২৬. সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক
২৭. ট্রাস্ট ব্যাংক
২৮. ইউনিয়ন ব্যাংক
২৯. উত্তরা ব্যাংক
৩০. উরি ব্যাংক বাংলাদেশ
বিকল্প কিছু লেনদেন চালু থাকবে
বিকল্প লেনদেন মাধ্যম: যেসব ব্যাংক কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত নয়, সেসব ব্যাংকে ইন্টারব্যাংক ফান্ড ট্রান্সফার স্বাভাবিক নিয়মে চালু থাকবে।
মোবাইল ব্যাংকিং ট্রান্সফার: বাংলা কিউআর ও মানি অ্যাপ ব্যবহার করে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ের সঙ্গে ফান্ড ট্রান্সফার সেবা চালু থাকবে।
ডেবিট কার্ড লেনদেন: নির্দিষ্ট কিছু ব্যাংকের, যেমন মধুমতি ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে কেনাকাটা স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
কবে থেকে স্বাভাবিক হবে ব্যাংকিং সেবা?
১০ অক্টোবর দুপুর ১২টায় সিস্টেম মাইগ্রেশনের কাজ শেষ হওয়ার পর সব ব্যাংকের এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং এবং কার্ড সেবা আবার স্বাভাবিক নিয়মে চালু হবে।
সময়ের আলো/ইউএমএইচ