আর মাত্র একটি ম্যাচ খেলবে লিওনেল মেসি। এরপরই আর্জেন্টিনার জার্সিতে তার নামের পাশে বসবে ‘সাবেক’। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার (৭ আক্টোবর) ভোরে বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার।
দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি আর্জেন্টিনাকে চারটি বড় শিরোপা জেতানোর পাশাপাশি গড়েছেন অসংখ্য রেকর্ড। গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর শেষ ম্যাচের আগে তার কীর্তিগুলোর মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছে চারটি রেকর্ড।
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল
আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি মেসির। ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি। জাতীয় দলের হয়ে গোলের তালিকায় তার ধারেকাছেও নেই কেউ।
মেসির অনেক পেছনে আছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। আর্জেন্টিনার হয়ে ৫৪ গোল করেছিলেন তিনি। মেসি সেই সংখ্যাকে দ্বিগুণেরও বেশি করেছেন। জাতীয় দলের হয়ে তার গোলের গড় ম্যাচপ্রতি প্রায় ০.৬০।
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ
আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মেসির। ২০৭ ম্যাচে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এই তালিকায় তার পরেই রয়েছেন জাভিয়ের মাশচেরানো, আনহেল দি মারিয়া ও হাভিয়ের সানেত্তি।
দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলে গড়া মেসির এই রেকর্ডও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।
বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ
বিশ্বকাপেও মেসির দখলে রয়েছে অনন্য এক রেকর্ড। ২০০৬ থেকে ২০২৬ পর্যন্ত ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি খেলেছেন ৩৪ ম্যাচ। বিশ্বকাপের ইতিহাসে আর কোনো ফুটবলার এত ম্যাচ খেলেননি।
বিশ্বকাপে মেসির গোল ২১টি। এই তালিকায় তিনি দ্বিতীয়। তার ওপরে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, যাঁর গোল ২২টি। তবে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসিরই।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৩টি জয়ও তার দখলে। এ ছাড়া একমাত্র খেলোয়াড় হিসেবে দুইবার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন মেসি। ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে এই পুরস্কার পান তিনি।
দক্ষিণ আমেরিকার বাছাইয়ে সর্বোচ্চ গোল
কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বেও মেসির দখলে রয়েছে সর্বোচ্চ গোলের রেকর্ড। ৭২ ম্যাচে ৩৬ গোল করে এই তালিকার শীর্ষে তিনি।
বাছাইপর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডেও যৌথভাবে শীর্ষে মেসি। ইকুয়েডরের ইভান হুরতাদোর সঙ্গে ৭২টি করে ম্যাচ খেলেছেন তিনি। তবে গোলের সংখ্যায় মেসির ধারেকাছে নেই কেউ।
বেনিনের বিপক্ষে ম্যাচের পরই শেষ হবে আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়। তবে তার রেখে যাওয়া এসব রেকর্ড ভাঙা পরবর্তী প্রজন্মের জন্য সহজ হবে না।
সময়ের আলো/এসএকে