আমি জানি, নামাজ পড়ার সময় সামনে, ডানে বা বাঁয়ে প্রাণীর ছবি থাকলে নামাজ মাকরুহ হয়। এ বিষয়টি জানার পর থেকে আমি কখনো ছবিযুক্ত জায়গায় নামাজ পড়ি না। কিন্তু মসজিদে নামাজ পড়তে গেলে মাঝেমধ্যে এমন হয় যে, আমার সামনের মুসল্লির পিঠে কোনো মানুষ বা প্রাণীর ছবি থাকে। এমন পরিস্থিতিতে তার পেছনে নামাজ পড়ার কারণে কি আমার নামাজও মাকরুহ হবে? নামাজ শুরু করার পর সামনে প্রাণীর ছবি দৃশ্যমান হলে কী করণীয়?
সুলাইমান ঢাকা
উত্তর : নামাজি ব্যক্তির সামনে, ডানে বা বাঁয়ে যদি কোনো প্রাণীর ছবি এভাবে দৃশ্যমান থাকে যে, নামাজি ব্যক্তি তা সুস্পষ্টরূপে দেখতে পায়, তা হলে নামাজ মাকরুহ হবে। তাই ইচ্ছাকৃত এমন জায়গায় দাঁড়াবে না যেখানে কোনো প্রাণীর ছবি দৃশ্যমান রয়েছে। কিন্তু যদি প্রাণীর ছবিযুক্ত পোশাক নিয়ে কোনো ব্যক্তি নামাজির সামনে বা পাশে এসে দাঁড়ায় তা হলে এর জন্য নামাজি ব্যক্তি দায়ী হবে না এবং তার নামাজ মাকরুহ হবে না। এ ক্ষেত্রে যে ওই পোশাক পরেছে তার গুনাহ হবে।
উল্লেখ্য, স্বাভাবিক অবস্থাতেই প্রাণীর দৃশ্যমান ছবিসংবলিত পোশাক পরা মাকরুহে তাহরিমি। আর এ ধরনের পোশাক পরে নামাজ পড়া এবং মসজিদে আসা ও অন্যের নামাজের ক্ষতি করা তো আরও গুনাহের কাজ। তাই এ ধরনের পোশাক পরিধান করা থেকে বিরত থাকা আবশ্যক। (আলবাহরুর রায়েক : ২/২৭; ফাতাওয়া হিন্দিয়া : ১/১০৭; আদ্দুররুল মুখতার : ১/৬৪৭)
সময়ের আলো/প্রিন্ট/জেডি