টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় পারুল (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে ধনবাড়ী পৌর এলাকার ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, পারুল দীর্ঘদিন ধরে উপজেলার ৪ নম্বর পাইস্কা ইউনিয়ন পরিষদের বারান্দায় বসবাস করে আসছিলেন। তার শ্বশুরবাড়ি উপজেলার ডোয়াইল গ্রামে। মঙ্গলবার রাতে হাইওয়ে ডিউটিতে যাওয়ার পথে ধনবাড়ী থানার একটি পুলিশের গাড়ির চাপায় তিনি আহত হন বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় পারুলের বাম পা গুরুতরভাবে থেঁতলে যায়। এছাড়া তার কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সময়ের আলো/আতা