চা বাগানে ৮ বছর পর নির্বাচন, চলছে ভোট গ্রহণ

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ ৮ বছর পর বহুপ্রতীক্ষিত চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া

2026-11-28T10:36:26+00:00
2026-11-28T10:36:26+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
চা বাগানে ৮ বছর পর নির্বাচন, চলছে ভোট গ্রহণ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম 
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। ছবি : সময়ের আলো
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। ছবি : সময়ের আলো
দীর্ঘ ৮ বছর পর বহুপ্রতীক্ষিত চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হবে বিকাল ৪টায়। সকাল থেকে নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে প্রিসাইডিং অফিসার, একজন পোলিং অফিসার ও একজন সহকারী পোলিং রয়েছেন। এছাড়া পুলিশের পাশাপাশি আনসার সদস্যর ও সীমান্তবর্তী কয়েকটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে ১ প্লাটুন বিজিবি রয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। 

দেশে ১৬৭টি মূল ও ৬৪টি ফাঁড়ি চা বাগান রয়েছে। প্রতিটি বাগানে রয়েছে একটি করে পঞ্চায়েত। এসব পঞ্চায়েতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাচিত হবে ১৫ সদস্যের প্যানেল। একই দিনে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দেশের সাতটি ভ্যালির নেতৃত্ব নির্বাচনেও করা হবে ভোটগ্রহণ। নির্বাচনের তারিখ ঘোষণার পর প্রায় ১০ লাখ চা শ্রমিকের মধ্যে ছড়িয়ে ছিল নির্বাচনি আমেজ। ভোটার ১ লাখ ৪ হাজার।

হবিগঞ্জ জেলায় মূল ও ফাঁড়ি মিলিয়ে রয়েছে ৪১টি চা বাগান। প্রত্যেকটি বাগানে একটি করে সরকারি ও বাগান পরিচালিত বিদ্যালয়গুলোতে ভোট কেন্দ্র রয়েছে। চা শ্রমিক ইউনিয়নের সাতটি ভ্যালি হলো লস্করপুর, বালিশিরা, মনু-ধলাই, লংলা, জুড়ি, সিলেট ও চট্টগ্রাম। প্রতিটি ভ্যালির অধীনে রয়েছে ২৫-৩০টি বাগান পঞ্চায়েত।

বাগানপর্যায়ে পঞ্চায়েত শ্রমিকদের প্রতিনিধিত্ব করে। কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলাদা দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

হবিগঞ্জের চুনারুঘাট মাধবপুর ও বাহুবল উপজেলার ৪১টি চা বাগানে ব্যাপক প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। শ্রমিকদের কাছে নানা প্রতিশ্রুতি তুলে ধরার পাশাপাশি ইশতাহার ঘোষণা করেছে আলাদা আলাদা প্যানেল। চা শ্রমিকরা ইশতাহার ঘোষণাকে সাধুবাদ জানিয়ে আগামী দিনে প্রতিফলনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। 

ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। ২০২১ ও ২০২৪ সালের নির্ধারিত নির্বাচন হয়নি নানা জটিলতায়। এরই মধ্যে শ্রমিকরা ২০২২ সালে মজুরি বাড়ানোর দীর্ঘ আন্দোলন করে মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা আদায় করেছেন।


হবিগঞ্জের ৪১টি চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। সীমান্তবর্তী কয়েকটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।

চন্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক সেলিমুর রহমান সেলিম বলেন, শ্রমিকরা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারেন, সে লক্ষ্যে ভোটার তালিকা প্রস্তুত। সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে বাগান কর্তৃপক্ষ। 

দীর্ঘ আট বছর পর এ নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে এখন উৎসবের আমেজ। তবে শ্রমিকদের কাছে নির্বাচন শুধু নতুন নেতৃত্ব বেছে নেওয়ার আয়োজন নয; বরং দীর্ঘদিনের দাবি-দাওয়া ও অধিকার আদায়ের একটি নতুন সুযোগ। 

সময়ের আলো/জোই
  বিষয়:   চা বাগান  নির্বাচন  ভোট গ্রহণ  হবিগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: