অগ্নিসাক্ষী ও সাত পাকে বট-পাকুড়ের ব্যতিক্রমী বিয়ে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

মানুষের মতোই বিয়ের আনুষ্ঠানিকতায় অগ্নিসাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েছে বট ও পাকুড়গাছ। পুরোহিতের মন্ত্রপাঠ, শুভদৃষ্টি, বরযাত্রী, গেট আটকানোসহ বিয়ের

2026-11-28T09:37:31+00:00
2026-11-28T09:37:31+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
অগ্নিসাক্ষী ও সাত পাকে বট-পাকুড়ের ব্যতিক্রমী বিয়ে
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:৩৭ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
মানুষের মতোই বিয়ের আনুষ্ঠানিকতায় অগ্নিসাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েছে বট ও পাকুড়গাছ। পুরোহিতের মন্ত্রপাঠ, শুভদৃষ্টি, বরযাত্রী, গেট আটকানোসহ বিয়ের সব আয়োজনই ছিল। ব্যতিক্রমী এ বিয়েকে ঘিরে উৎসবে মেতেছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার একটি গ্রামের মানুষ।

গত বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়। সনাতন ধর্মের রীতি মেনে পুরোহিত মনতোষ গোস্বামী মন্ত্রপাঠের মধ্য দিয়ে পাকুড়গাছ তীর্থ শিকদার ও বটগাছ শুক্লা সরকারের বিয়ে সম্পন্ন করেন। শুক্রবার (২৭ নভেম্বর) কয়েকশ মানুষের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনও করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রুহিৎপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো একটি বটগাছ ও একটি পাকুড়গাছ পাশাপাশি জড়িয়ে বেড়ে উঠেছিল। ২০২৩ সালের অক্টোবরে ঝড়ে গাছ দুটি ভেঙে পড়ে। পুরোনো এই জুটির স্মৃতি ধরে রাখতে স্থানীয়রা পাশেই নতুন করে একটি বট ও একটি পাকুড়গাছের চারা রোপণ করেন। তিন বছরের পরিচর্যায় গাছ দুটি এখন বেশ বড় হয়েছে। এরপর গ্রামের প্রবীণরা গাছ দুটির প্রতীকী বিয়ের সিদ্ধান্ত নেন।

বিয়ের আয়োজনের আগে গাছ দুটির বর-কনের নামও নির্ধারণ করা হয়। গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদারের (৫০) ছেলে হিসেবে পাকুড়গাছটির নাম রাখা হয় তীর্থ শিকদার। আর বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের (৭১) মেয়ে হিসেবে বটগাছটির নাম দেওয়া হয় শুক্লা সরকার। চিত্ত রঞ্জন ও পবিত্র কুমার প্রথমে নাম দুটি প্রস্তাব করেন। পরে গ্রামবাসী তাতে সম্মতি দেন।

বিয়েতে শুভদৃষ্টি ও সাত পাকে বাঁধার আনুষ্ঠানিকতা রাখার সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে গ্রামজুড়ে শুরু হয় উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে বিয়ের দাওয়াতপত্র। গ্রামের শত শত মানুষের উপস্থিতিতে বর্ণিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, বৃহস্পতিবার রাতে শুভ লগ্নে পুরোহিত মনতোষ গোস্বামী বট-পাকুড়ের বিয়ের মন্ত্র পাঠ করেন। শুভদৃষ্টি ও সাত পাকে বাঁধার মধ্য দিয়ে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। প্রতীকী বর সাজিয়ে বরযাত্রীরা কনের বাড়িতে এলে ছোট ছোট ছেলেমেয়েরা গেট আটকে দেয়। পরে বরযাত্রীরা ৫০০ টাকা দিয়ে লাল ফিতা কেটে কনের বাড়িতে প্রবেশ করেন।


গ্রামের ভাতগ্রাম-বরাটি সড়কের দক্ষিণ পাশে পুরোনো গাছ দুটির ভেঙে পড়া গুঁড়ির অংশ এখনো রয়েছে। তার পাশেই নতুন বর-কনেকে সাজানো হয়েছে। পাকুড়গাছটির উচ্চতা প্রায় ১৫ ফুট এবং বটগাছটির উচ্চতা প্রায় ১২ ফুট। গাছ দুটির চারপাশে তৈরি করা হয়েছে ইট-সিমেন্টের গোলাকার বেষ্টনী। এর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ পাশে রয়েছে আরও দুটি বটগাছ। বিয়ে উপলক্ষে পুরো গ্রাম সাজানো হয় উৎসবের সাজে। গ্রামের বাইরে কর্মরত চাকরিজীবীরাও অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি ফেরেন।

গ্রামের বাসিন্দা ও বরাটি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্র মোহন শিকদার বলেন, ভেঙে পড়া পুরোনো গাছ দুটির সঠিক বয়স কেউ জানেন না। তিনি জন্মের পর থেকেই গাছ দুটি দেখে আসছেন। তার বাবা ও দাদারাও গাছ দুটি দেখেছেন। তার ধারণা, গাছ দুটির বয়স ২০০ বছরের বেশি ছিল।

তিনি বলেন, গাছ দুটির পাশের জায়গায় প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, রথযাত্রা ও মেলা হতো। গাছ দুটিই ছিল তাদের এলাকার পরিচয়ের অংশ। পুরোনো স্মৃতি ধরে রাখতেই গ্রামবাসী নতুন করে বট ও পাকুড়গাছ রোপণ করেন। পরে গাছ দুটিকে জুটি হিসেবে প্রতিষ্ঠা করতেই বিয়ের আয়োজন করা হয়।

চন্দ্র মোহন শিকদার আরও বলেন, তিন বছর আগে হঠাৎ ঝড়ে বট ও পাকুড়গাছ দুটি উপড়ে পড়ে। গাছের গোড়ার অর্ধেক মাটি থেকে উঠে যায়। সড়কের ওপর পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। গাছ কাটার লোক ডাকা হলেও প্রবীণ গাছ হওয়ায় এবং সেখানে পূজাঅর্চনা হওয়ায় কেউ কাটতে রাজি হননি। পরে রাস্তা পরিষ্কার করে গাছের অংশ সরিয়ে রাখা হয়। পাশের জায়গা পরিষ্কার করে নতুন করে বট ও পাকুড়গাছ রোপণ করা হয়। গাছ দুটি বড় হওয়ায় শাস্ত্রীয় নিয়ম মেনে তাদের বিয়ে দেওয়া হয়েছে।

কনের ভাই ও গ্রামের বাসিন্দা শিশির সরকার বলেন, মানুষের বিয়েতে যেসব আনুষ্ঠানিকতা থাকে, ঠিক সেভাবেই গাছ দুটির বিয়ে সম্পন্ন হয়েছে। পুরোনো বট-পাকুড়ের স্মৃতি ধরে রাখার পাশাপাশি নতুন গাছ দুটির মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তাও দিতে চান তারা। বিভিন্ন স্থানে নির্বিচারে বৃক্ষ নিধনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এমন আয়োজনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষকে সচেতন করাই তাদের উদ্দেশ্য।


বরের বাবা চিত্ত রঞ্জন শিকদার মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের একটি কারখানায় কাজ করেন। তার দুই মেয়ে রয়েছে। তিনি বলেন, একটি গাছকে ছেলে হিসেবে পেয়ে ছেলের অভাব কিছুটা হলেও পূরণ হয়েছে। এ বিয়েতে কোনো যৌতুকের বিষয় নেই। যৌতুক ছাড়াই আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামের পাশাপাশি আশপাশের এলাকার শত শত মানুষ অংশ নিয়েছেন। এতে পুরো গ্রামে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে।

কনের বাবা পবিত্র কুমার সরকার টাঙ্গাইলের কালিহাতীর আউলিয়াবাদের আলাউদ্দিন সিদ্দিকী কলেজের সাবেক উপাধ্যক্ষ। তিনি বলেন, ১৯৯৬ সালে তাঁর ছয় বছর বয়সী মেয়ে শুক্লা সরকার সুমি মারা যায়। মেয়েকে হারানোর সেই কষ্ট ভুলতেই তিনি বটগাছটির বাবা হয়েছেন।

তিনি বলেন, সাধারণত বিয়ের পর কনেকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে যেতে হয়। এ নিয়ে অনেক সময় পারিবারিক সমস্যাও তৈরি হয়। তবে এ বিয়ের পর তাঁর মেয়েকে শ্বশুরবাড়ি যেতে হবে না। বর-কনে আজীবন পাশাপাশি থাকবে। চিত্ত রঞ্জন শিকদারের সঙ্গে তিনিও সারা জীবন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকবেন। দুই পরিবারের মধ্যে আত্মীয়ের মতোই যাতায়াত বজায় থাকবে।

বিয়ের মন্ত্র পাঠ করা পুরোহিত মনতোষ গোস্বামী বলেন, ভারতে এ ধরনের বিয়ের আয়োজন তিনি আগে দেখেছেন। সেখান থেকে কিছু নিয়মকানুন নোট করে রেখেছিলেন। সেগুলো অনুসরণ করেই এ বিয়ের মন্ত্র পাঠ করেছেন। এমন একটি বিয়ে সম্পন্ন করতে পেরে তিনি আনন্দিত।

সময়ের আলো/জোই
  বিষয়:   বট-পাকুড়ের বিয়ে  ব্যতিক্রমী বিয়ে  মির্জাপুর  টাঙ্গাইল  রুহিৎপুর  ভাতগ্রাম ইউনিয়ন  বৃক্ষরোপণ  পরিবেশ সংরক্ষণ  সনাতন ধর্ম  তীর্থ শিকদার  শুক্লা সরকার  গ্রামবাংলার ঐতিহ্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: