প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:০৬ এএম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিসাতক্ষীরায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের পাত্র সেজে তরুণী দেখতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন আমির হামজা নামে এক যুবক। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার পরানদহা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক আমির হামজা দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি সাতক্ষীরা আদালতে মুহুরি হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে পরানদহা গ্রামের এক তরুণীকে দেখতে যান আমির হামজা। এ সময় তার কথাবার্তা ও পরিচয় নিয়ে মেয়ের পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে ভুয়া পরিচয়ের বিষয়টি সামনে এলে স্থানীয়রা তাঁকে আটক করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমির হামজাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে ভুয়া সেনাবাহিনীর পরিচয়পত্র ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জানা গেছে, তার জাতীয় পরিচয়পত্রে নাম আমির হামজা থাকলেও সেনাবাহিনীর পরিচয়পত্রে মিনাজ উদ্দীন নাম ব্যবহার করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/জোই