প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:৪৩ এএম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিকক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে চিংড়ি মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে খাবার খাচ্ছিলেন ইব্রাহিম। এ সময় চিংড়ি মাছ খাওয়ার পর হঠাৎ অস্থিরতা ও শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে তাকে দ্রুত সেন্টমার্টিনের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।
সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান বলেন, ইব্রাহিমকে হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার আগে থেকেই অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল বলে সঙ্গে থাকা ব্যক্তিরা জানিয়েছেন। শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে টেকনাফে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
পরে বিকেল ৩টার দিকে স্পিডবোটে ইব্রাহিমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৪টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ইব্রাহিমের বন্ধু মো. শিয়াম জানান, তারা তিন বন্ধু একসঙ্গে সেন্টমার্টিনে ঘুরতে গিয়েছিলেন। তবে বন্ধুর মরদেহ নিয়ে ফিরতে হবে, তা কখনো ভাবেননি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, ভ্রমণে এসে একজন পর্যটকের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
সময়ের আলো/জোই