পাবনায় মঞ্চস্থ হলো বগুড়া থিয়েটারের ইতিহাসনির্ভর নাটক ‘ফকির মজনু শাহ’

পাবনা প্রতিনিধি

সারাদেশ

ইংরেজ শাসন ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে ফকির মজনু শাহের বীরত্ব, সংগ্রাম ও সাহসিকতার ইতিহাস মঞ্চে তুলে ধরেছে বগুড়া থিয়েটার। শুক্রবার

2026-11-28T10:30:02+00:00
2026-11-28T10:30:02+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
পাবনায় মঞ্চস্থ হলো বগুড়া থিয়েটারের ইতিহাসনির্ভর নাটক ‘ফকির মজনু শাহ’
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৩০ এএম 
মঞ্চে প্রদর্শিত হয়েছে দলটির ইতিহাসনির্ভর নাটক ‘ফকির মজনু শাহ’। ছবি : সময়ের আলো
মঞ্চে প্রদর্শিত হয়েছে দলটির ইতিহাসনির্ভর নাটক ‘ফকির মজনু শাহ’। ছবি : সময়ের আলো
ইংরেজ শাসন ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে ফকির মজনু শাহের বীরত্ব, সংগ্রাম ও সাহসিকতার ইতিহাস মঞ্চে তুলে ধরেছে বগুড়া থিয়েটার। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে প্রদর্শিত হয়েছে দলটির ইতিহাসনির্ভর নাটক ‘ফকির মজনু শাহ’।

এটি নাটকটির সপ্তম প্রদর্শনী এবং বগুড়া থিয়েটারের ৬৭তম প্রযোজনা। প্রদর্শনী দেখতে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হন। দর্শকদের উপস্থিতিতে মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ।

জনশ্রুতি ও ইতিহাসের বিভিন্ন ঘটনা অবলম্বনে নির্মিত নাটকটিতে তৎকালীন ইংরেজ শাসক ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে ফকির মজনু শাহের বীরত্বপূর্ণ সংগ্রাম তুলে ধরেন শিল্পীরা। বগুড়ার মহাস্থানগড়ে ছিল ফকির নেতা মজনু শাহের মূল ঘাঁটি। সেখান থেকেই তিনি ইংরেজ ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেন। স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন তিনি।

মাদারিয়া তরিকার এই ফকির নেতা হিন্দু, মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। ফকির-সন্ন্যাসী বিদ্রোহে অংশ নিয়ে নেতৃত্বও দেন। পলাশী যুদ্ধের মাত্র ছয় বছর পর তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের ভূমিকা তৎকালীন মানুষের কাছে সাহস ও অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে। ইতিহাসের আড়ালে থাকা এই সংগ্রামী ব্যক্তিত্বের বীরত্বগাথাই নাটকের মূল উপজীব্য।

৮০ মিনিটের নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার এবং বগুড়া থিয়েটারের প্রতিষ্ঠাতা তৌফিক হাসান ময়না। নতুন প্রজন্মের কাছে ইতিহাসের আড়ালে থাকা গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তিত্বকে পরিচিত করানোর লক্ষ্যেই এ নাটক নির্মাণ করেছেন তিনি।

নাটকটিতে অভিনয় করেছেন ২৫ জন শিল্পী। তাদের মধ্যে নারী অভিনয়শিল্পী ছিলেন তিনজন। আবহসংগীতে যুক্ত ছিলেন ১০ জন। কোরাস, কোরিওগ্রাফি, পোশাক, আবহসংগীত ও মঞ্চসজ্জার সমন্বয়ে পরিবেশনাটি দর্শকদের প্রশংসা কুড়ায়। নাটকের কেন্দ্রীয় চরিত্র ফকির মজনু শাহের ভূমিকায় অভিনয় করেন কনক কুমার পাল অলক।


নাটকটির রচয়িতা ও নির্দেশক তৌফিক হাসান ময়না বলেন, অল্প সময়ে নাটকের মাধ্যমে ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। অনেক অজানা ঘটনা মঞ্চে উপস্থাপনের ক্ষেত্রে কল্পনার আশ্রয় নিতে হয়েছে। তার ভাষায়, ফকির মজনু শাহ ছিলেন লাল মাটির ফকির-আউলিয়া ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন নেতা। ইংরেজ ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, যুদ্ধ করেছেন। নতুন প্রজন্মের অনেকের কাছেই তার ইতিহাস অজানা। সেই ইতিহাস পরিচিত করানোর প্রচেষ্টাই এই নাটক।

পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. মো. হাবিবুল্লাহ বলেন, দেশের প্রাচীন ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে মহাস্থানগড় অন্যতম। পাবনা ও বগুড়ার সাংস্কৃতিক বন্ধন দীর্ঘদিনের। নাট্যকর্মীরা তাদের পরিবেশনার মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরছেন।

তিনি আরও বলেন, মঞ্চে অভিনয়ের মাধ্যমে কোনো ঘটনা দর্শকদের খুব কাছ থেকে উপস্থাপন করা যায়। নাটকটির শিল্পীদের অভিনয় ছিল সাবলীল ও প্রাণবন্ত। কোরাস, কোরিওগ্রাফি, সরাসরি আবহসংগীত ও মঞ্চসজ্জার সমন্বয়ে বগুড়া থিয়েটার চমৎকার পরিবেশনা উপহার দিয়েছে। নাটকটি শুধু পাবনা নয়, সারা দেশের দর্শকদের ভালো লাগবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে নাট্যকর্মী, নাট্যকার ও নাটকটির সাফল্য কামনা করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   পাবনা  বগুড়া থিয়েটার  ফকির মজনু শাহ  মঞ্চনাটক  নাট্যচর্চা  বনমালী শিল্পকলা কেন্দ্র  তৌফিক হাসান ময়না  মহাস্থানগড়  ফকির-সন্ন্যাসী বিদ্রোহ  সাংস্কৃতিক অনুষ্ঠান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: