সৌদি আরবের জেদ্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের দুই প্রবাসী। নিহত প্রবাসীরা হলেন পলাশ ও ওবায়দুল।
প্রাপ্ত তথ্যানুযায়ী, মঙ্গলবার (৭ অক্টোবর) জেদ্দার ‘তামানিন আখের গাওয়া’ এলাকার একটি ভিলায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় ভিলার ভেতরে থাকা পলাশ ও ওবায়দুল আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, দুই প্রবাসীর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ। প্রিয়জনদের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।
নিহত পলাশ দেশে থাকাকালে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার কাজে তার সম্পৃক্ততার কারণে পরিচিতজনদের মধ্যেও তার মৃত্যুর খবরে গভীর শোক নেমে এসেছে। তিনি তার স্ত্রী, আট বছরের মেয়ে ও তিন মাসের এক ছেলে রেখে গিয়েছেন।
মর্মান্তিক এ ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন, সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দোহার প্রেসক্লাব।
সময়ের আলো/ইউএমএইচ